লক্ষ্মীপুর পৌর এলাকায় বদ্ধ খাল সচল করতে মাঠে নেমেছেন পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর পৌর এলাকায় দীর্ঘদিনের বদ্ধ খাল ও ড্রেন সচল করতে মাঠে নেমেছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূঁইয়া।
বুধবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ শাখাড়ি পাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোবন করেন তিনি।এ সময় তার নেতৃত্বে বুলডোজার দিয়ে শাখারীপাড়া এলাকায় কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ বদ্ধ ড্রেনের আবর্জনা সরিয়ে নেয়া হয়।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, পৌর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খাল ও পৌর এলাকার ড্রেনেজগুলোর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অব্যাবস্থাপনায় বদ্ধ হয়ে রয়েছে। এতে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত সহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় পৌর বাসিন্দাদের। সমস্যা সমাধানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে পর্যায়ক্রমে ১৫টি ওয়ার্ডেই এ কার্যক্রম অব্যহত থাকবে।
খাল দখল মুক্তকরণের বিষয়ে মেয়র মাসুম ভূঁইয়া বলেন, জবাবদিহিতার অভাবে অধিকাংশ স্থানেই সরকারি খালে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে স্রোতের পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হচ্ছে। অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দখলদারদের নোটিশ করা হবে। অন্যথায় জেলা প্রশাসন ও পৌরকর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অবৈধ স্থাপানা উচ্ছেদ করা হবে। একটি নান্দনিক পৌরসভা গঠনে লক্ষ্মীপুর পৌরকর্তৃপক্ষ বদ্ধপরিকর।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর উত্তম কুমার, মহিলা কাউন্সিলর তাছলিমা আক্তার প্রমূখ।
