আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে – ব্যারিষ্টার খোকন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে, তারা এখন পুলিশের উপর ভর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে একাধিক আলোচনা সভা, ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতাদের আর্থিক সহযোগিতায় ইউনিয়ন বিএনপির সক্রিয়, অসহায়, নিহত নেতাকর্মীদের পরিবার, মামলা-হামলায় নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার খোকন আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় যারা বাদী হয়েছে, স্বাক্ষী হয়েছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্হা নেওয়া হবে। খোকন বলেন, চাটখিল সোনাইমুড়ীতে বিএনপির যত নেতাকর্মীদের আসামি করা হয়েছে, দুই উপজেলায় আওয়ামী লীগে সেই পরিমাণ লোকও নেই। তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে, তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশের উপর ভর করে বিএনপি’র নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা করছে।

দেওটি ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দেওটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিদার হোসেন। দেওটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন বাবুলের সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও অনুষ্ঠানের বিশেষ বক্তা মাসুদের রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন সানি, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এড. মাহমুদ হাসান শাকিল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম মহিন, সহ সভাপতি অধ্যাপক আবু তাহের, দেউটি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ইকবাল হোসেন, উপজেলা যুবদল আহবায়ক মোঃ জসিম উদ্দিন, সাবেক সভাপতি এড. সেলিম শাহী, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম, কলেজ ছাত্রদল সাবেক সভাপতি রুবেল ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন দেওটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে ব্যারিষ্টার খোকন সদ্য প্রয়াত সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেনের কবর জিয়ারত শেষে চাটখিল উপজেলার হালিমা দীঘির পাড়ে শ্রমিক দলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।