দুমকিতে রাস্তা নির্মাণ কাজ বন্ধের দায়ে গ্রেফতার-৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের আওতায় কাবিখা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় অভিযুক্ত ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (১২ জুন) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি এলাকার নিজ নিজ বাড়ি থেকে আসামী আঃ ছালাম হাওলাদার (৫৫), আবুল ফকির (৬২) ও চাঁন মিয়া (৬০)কে পুলিশ আটক করে রবিবার সকালে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করেছে। এর আগে মুরাদিয়ার সংরক্ষিত নারী ইউপি সদস্য (৭,৮,৯) ও কাবিখা প্রকল্পের সিপিসি মোসাঃ নাসিমা বেগম এঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে সরকারি উন্নয়ন কাজে বাঁধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগে পটুয়াখালী চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের আঃ মন্নান খানের বাড়ি হতে এলজিইডির পাকা রাস্তা পর্যন্ত কাবিখা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজ শুরু করলে উল্লেখিত ৩ আসামী ও তাদের কয়েক সহযোগী দুর্বৃত্ত ১লাখ টাকা চাঁদা দাবি করে। প্রকল্পের সিপিসি হিসেবে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা জোটবদ্ধ হয়ে চলতি বছরের ২৫ মে সকালে রাস্তা নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। এঘটনায় ইউপি সদস্য ও প্রকল্পের সিপিসি নাসিমা বেগম বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পটুয়াখালী চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। (জিআর মামলা নং ৮৬/২০২২ তারিখ-১১/৬/২০২২)।
এবিষয়ে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার বলেন, রাস্তার নির্মাণ কাজে বাঁধা প্রদানের ঘটনা সঠিক। আমি সরেজমিনে পরিদর্শন করেছি। অভিযুক্তদের একাধিকবার ডাকা হলেও তারা আসেন নি।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত ৩ আসামীকে কোর্ট সোপর্দ করা হয়েছে।
