সকলকে বিদ্যুৎ ব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক।। বুধবার, ২০ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সকলকে বিদ্যুৎ ব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা মিতব্যয়ী হতে পারলে- লাভবান হবো।
মঙ্গলবার(১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার প্রধান বলেছেন মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। তিনি গোটা আমলাতন্ত্রসহ সরকার এবং সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।’
এম এ মান্নান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের অভিঘাত আমাদের উপর পড়েছে। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির জন্য বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে পণ্য আমরা নিজেরা উৎপাদন করি না-সেটার অভিঘাত মোকাবিলার জন্য আমাদের সতর্ক হতে হবে। প্রধানমন্ত্রী মূলত এ কারণে দেশবাসীকে মিতব্যয়ী হতে বলেছেন।
পরিকল্পনামন্ত্রী জানান, গ্রামীণ পর্যায়ে সড়ক, কালভার্ট কিংবা সেতু নির্মাণের ক্ষেত্রে মান যেন অক্ষুন্ন থাকে সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে সজাগ থাকার নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নের জন্য প্রকল্প আরও নেয়া হবে বলে জানান এম এ মান্নান।-বাসস
