দুমকিতে কুকুরের কামড়ে আহত-১৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 
শনিবার  (২৩ জুলাই)  বিকেলে উপজেলার দুমকি  বাজার এলাকায় অন্তত ১৫পথচারি পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০জন উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী জানায়, উপজেলার  দুমকি বাজারে  একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তায় ও বাড়িতে সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। এতে এলাকায় পাগলা কুকুরের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিয়ে মানুষ বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন,   ১০জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। একটু পর পর কুকুরে কামড়ানো রোগী আসছে। সরকারিভাবে হাসপাতালে জলাতঙ্কের ভেকসিন না থাকায় ফার্মেসি থেকে কিনে রোগীরা ব্যবহার করছেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বরিশাল শের -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান  বলেন, পাগলা কুকুরের উপদ্রব ঠেকাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।