লক্ষ্মীপুরে ঝুঁকিপূর্ণ কাঠেরপুল, দুর্ভোগে গ্রামবাসী

রায়পুর সংবাদদাতা।।
লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে ডাকাতিয়া নদীর সংযোগ খালের ওপর নির্মিত কাঠেরপুলটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংস্কারের অভাবে পাটাতনের কাঠ উঠে ফাঁকা হয়ে গেছে। নড়বড় করছে কাঠেরপুলের খুঁটিগুলো। চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে এলাকার স্কুলগামী ছাত্রছাত্রী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সি লোক। গত ৫ দিনে পুলটি পার হতে গিয়ে ৬ শিশুশিক্ষার্থী খালে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়।
বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, কাঠেরপুলের কোনো হাতল নেই। মেঘনা ও ডাকাতিয়ার উপকূলীয় অঞ্চলের কৃষক, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন।
স্কুল প্রধান শিক্ষক আবদুস সোবহান যুগান্তরকে বলেন, কাঠেরপুলটি দিয়ে চরকাছিয়া, চরবংশি, জালিয়ারচর ও বেরিবাঁধ সড়কের দুই পাশের বাসিন্দাসহ প্রায় ৫০০ পরিবারের লোকজন যাতায়াত করেন। পাশাপাশি উত্তর আবাবিল ইউনিয়নের কয়েকশ লোকও প্রতিদিন যাতায়াত করেন। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট ছোট শিশু ও বৃদ্ধ। এ অঞ্চলের বাসিন্দাদের হাটবাজার করে বাড়িতে আসতে অনেক কষ্ট হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় কোনো যানবাহন চলাচল করা সম্ভব নয়। তাই মাথায় করেই চালের বস্তাসহ বাজার আনতে হয়।
দক্ষিন চরআবাবিল ইউপি চেয়ারম্যান নুরে আলম জিকু বলেন, ঝুঁকিপূর্ণ কাঠেরপুলের কারণে অনেক সমস্যা হচ্ছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
