লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

বিশেষ প্রতিনিধি।।

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ উদ্দিন মানিকের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় সমন জারি করেছেন আদালত।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ আদেশ দেন। আগামী ৭ নভেম্বর চেয়ারম্যান মানিককে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।ছালেহ উদ্দিন মানিক ওই ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

বাদীর আইনজীবী রেহানুল ইসলাম বলেন, পল্লি চিকিৎসক জসিম উদ্দিন বাদী হয়ে মানিকের বিরুদ্ধে মামলা করেন। এতে আদালত সমন জারি করেছেন। এর আগে ১ আগস্ট বাদীর টাকা ফেরত দেওয়ার জন্য অভিযুক্তকে লিগ্যাল নোটিশ করা হলেও তা পরিশোধ করেননি।

অভিযোগকারী জসিম একই ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের বাসিন্দা ও গ্রাম্য চিকিৎসক। স্থানীয় বাজারের ওষুধের দোকার রয়েছে।

মামলার এজাহার সূত্র জানায়, মানিক ও জসিমের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জসিমের কাছ থেকে মানিক পাঁচ লাখ টাকা ধার নেন। গত ১২ এপ্রিল ওই টাকা নগদ না দিয়ে মানিক তার অগ্রণী ব্যাংকের একটি চেক দেন। ২৮ জুলাই চেক নগদায়নের জন্য জমা দিলে ব্যাংক হিসেবে কোনো টাকা ছিল না। এতে চেকটি কর্তৃপক্ষ ডিজঅনার করেন। টাকা না পেয়ে ১ আগস্ট আইনজীবীর মাধ্যমে চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ দেন জসিম। এরপরও তিনি টাকা ফেরত দেননি।

জসিম উদ্দিন বলেন, ব্যাংক হিসাবে টাকা না থাকার পরও মানিক প্রতারণার উদ্দেশ্যে আমাকে চেক দেন। বারবার টাকা চেয়েও তার কাছ থেকে আদায় করা যায়নি। এতে বাধ্য হয়েই মামলা করি।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান ছালেহ উদ্দিন মানিকের মোবাইল ফোনে একাধিকবার কল করেও মন্তব্য জানা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

04 September 2022

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে