লক্ষ্মীপুরে হার্ডওয়্যার দোকানে মোমবাতি থেকে লাগা আগুনে দগ্ধ কলেজছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজারে একটি হার্ডওয়্যার দোকানে মোমবাতি থেকে লাগা আগুনে দগ্ধ কলেজছাত্র মো. সালমান হোসেন (১৯) মারা গেছেন।

সোমবার (৩১ অক্টোবর)দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মৃত সালমান হোসেন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আবদুর রাজ্জাকের ছেলে।দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ার পাশাপাশি ওই হার্ডওয়্যার দোকানে কাজ করতেন তিনি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সালমানের বাবা আবদুর রাজ্জাক একজন ভ্যানচালক। পরিবারের অভাব মেটাতে লেখাপড়ার পাশাপাশি সালমান দালালবাজারের মোস্তাক মার্কেটের আমানত হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করতেন। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে চোখেমুখে অন্ধকার দেখছেন তার পরিবারের লোকজন।

জানা গেছে, ২৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে দালাল বাজারের মোস্তাক মার্কেটের আমানত হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানে জ্বালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে গিয়ে দোকানের মালিক মাঈন উদ্দিন এবং কর্মচারী সালমান দগ্ধ হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। এক সপ্তাহে ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান সালমান। এদিকে বার্ন ইউনিটে এখনো চিকিৎসাধীন রয়েছে দোকান মালিক মাঈন উদ্দিন।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে সালমানের লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়েছে।