বর্নিল আয়োজনের মাধ্যমে শীতবরন করে নিলো বশেমুরবিপ্রবির শিক্ষক শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি।।
চারিদিকে রঙিন আলো আর মাঝখানে পাট-হোগলার বেড়া। এরই মাঝে সবাই দেশীয় পোষাক শাড়ি-পাঞ্জাবি পরে দেশি সংস্কৃতিতে মেতে উঠেছে। শীতকালকে বরণ করতে এমনি আয়োজন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (বশেমুরবিপ্রবি) প্রশাসন।
‘কুহেলিকা সম্ভাষণ’ বিষয়ক প্রবন্ধে রোববার সন্ধ্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়৷ এ সময়ে র‌্যালী, পল্লিগীতি ও ব্যান্ডগান দিয়ে মধ্য রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়। অনুষ্ঠানে  ছেলেদের জন্য পাঞ্জাবি ও মেয়েদের জন্য শাড়ি নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, বৈচিত্র্যময় ঋতু শীতকালকে আরো বৈচিত্র্যময় করে তুলতে এই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কুহেলিকা সম্ভাষণ অনুষ্ঠানের উপদেষ্টা কমিটির সদস্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইমদাদুল হক শরীফ বলেন, শিক্ষার্থীদের মাঝে ঋতু বরণ ও বাঙালিয়ানা সংস্কৃতি বিরাজ থাকা ভালো। এ লক্ষ্যেই এই আয়োজন। পশ্চিমা সংস্কৃতি আর নানা অপসংস্কৃতির বলয় থেকে  সবার বের হয়ে আসা দরকার।