আর্জেন্টিনাকে বাংলাদেশে ভোজ্যতেলের কারখানা স্থাপনের আহ্বান বাণিজ্য মন্ত্রীর

অনলাইন ডেস্ক।।

আর্জেন্টিনাকে বাংলাদেশের যেকোনো অর্থনৈতিক অঞ্চলে ভোজ্যতেলের কারখানা স্থাপনের অনুরোধ জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন,‘ বাংলাদেশ আর্জেন্টিনা থেকে প্রতিবছর বিপুল পরিমাণ সয়াবিন তেল ও চিনি আমদানি করে থাকে। আর্জেন্টিনা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভোজ্যতেলের কারখানা স্থাপন করলে তুলনামূলক কম দামে ভোজ্যতেল সরবরাহ করতে পারবে এবং একইসঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করাও সম্ভব।’

মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে দেশটির সফররত আন্তর্জাতিক বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রীকে এ অনুরোধ করেন টিপু মুনশি।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আর্জেন্টিনার সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সচিবালয়ে চুক্তিতে সাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আর্জেন্টিনার আন্তর্জাতিক বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আর্জেন্টিনার সাথে বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।’

অনুষ্ঠানে আর্জেন্টিনার আন্তর্জাতিক বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতদিন দুই দেশের মধ্যে ফুটবলকে কেন্দ্র করে আন্তরিক সম্পর্ক ছিল। এখন ব্যবসায়িক সম্পর্কসহ অন্যান্য সম্পর্কে যাবে দুই দেশ।’

অনুষ্ঠানে আর্জেন্টিনার মন্ত্রী টিপু মুনশিকে তাদের জাতীয় ফুটবল দলের জার্সি, অলিভ অয়েল, আচার উপহার দেন।

অন্যদিকে টিপু মুনশি আর্জেন্টিনার মন্ত্রীকে পুরনো দিনের ঢাকার ঐতিহ্যবাহী ছবি, পাট ও চামড়ার কিছু পণ্য উপহার দেন।
এদিকে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে আর্জেন্টিনা ২৭ ফেব্রুয়ারি ঢাকায় দূতাবাস চালু করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব তপন কান্তি ঘোষের সঞ্চালনায় এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সফররত আর্জেন্টিনার ফরেইন এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার এর ডেলিগেশনের সদস্যবৃন্দ, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, মো. হাফিজুর রহমান এবং সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বাসস