লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘুমন্ত স্ত্রী নীলা আক্তারকে শ্বাসরোধে হত্যার দায়ে সুমন উদ্দিন (৩৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়।
সোমবার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
হত্যা মামলায় দন্ড প্রাপ্ত সুমন রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নাছির উদ্দিনের ছেলে ও পেশায় চা দোকানি ছিলেন।নিহত স্ত্রী নীলা আক্তার নরসিংদীর শিলমাদ্রী ইউনিয়নের বাগহাটা গ্রামের ওমর আলীর মেয়ে নীলা। তারা প্রেম করে বিয়ে করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা যাওয়ার জন্য বাস ভাড়া চাওয়ায় সুমনের সঙ্গে নীলার ঝগড়া হয়। নীলা বায়না ধরেন তাকে টাকা দিতেই হবে। এ ঘটনা নিয়ে সুমন নীলাকে মারধর করেন। পরে সুমন ঘুমিয়ে থাকা নীলাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে পরনের কাপড় খুলে বৈদ্যুতিক পাখার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন। স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালানো হয়।কিন্তু নীলার পা ফ্লোরে ও হাত খাটে ছোয়া ছোয়া অবস্থায় থাকায় ঘটনাটি সবার কাছে রহস্যের জন্ম দেয়।
ঘটনার পরদিন নীলার ভাই মাহবুব মিয়া বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন। একইদিন সুমনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ময়না তদন্তের প্রতিবেদনে জানা যায়, নীলাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে গলায় কাপড় পেছানো হয়েছে। তদন্তকালে ঘটনাটি প্রমাণিত হয়েছে। একই বছর ২৭ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) অলি উদ্দিন আদালতের সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
