ঘটনার ছয় দিন পর ধর্ষণচেষ্টার মামলা, আসামি ৩

নিজস্ব সংবাদদাতা।।
বরিশালের মেহেন্দীগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার ছয় দিন পর রোববার(৫ মার্চ) ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় মামলাটি করেন।
ওই গৃহবধূর পরিবার জানায়, অভিযুক্ত ব্যক্তিরা বখাটে ও এলাকার চিহ্নিত অপরাধী। সাহস করে এত দিন মামলা করেননি। পরে উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অভয় পেয়ে মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন মইন গাজী (১৮), রায়হান হাওলাদার (২২) ও আবদুল্লাহ গাজী (২৫)। তাঁদের বাড়ি চরগোপালপুর ইউনিয়নে।
মামলার এজাহার ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে মেহেন্দীগঞ্জের চরগোপালপুর ইউনিয়নে নিজ বাড়িতে ছিলেন ওই গৃহবধূ। তাঁর শাশুড়ি প্রতিবেশীর বাড়িতে যান। এই সুযোগে বখাটেরা ঘরে ঢুকে শাড়ি দিয়ে গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। ঘরের পাশে শৌচাগারের পেছনে নিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। শাশুড়ি ঘরে ফিরে গৃহবধূকে ঘরে পাননি। তিনি শৌচাগারের কাছে গেলে গোঙানির শব্দ পান। শাশুড়ির উপস্থিতি টের পেয়ে বখাটেরা সেখান থেকে দ্রুত পালিয়ে যান। পরে সেখানে গিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গৃহবধূকে দেখেন। তাঁর ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। গৃহবধূকে উদ্ধার করা মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ইউএনও মো. নুরন্নবী বলেন, ‘শনিবার একজনের কাছে শুনে তাৎক্ষণিক ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে মামলা করার নির্দেশ দিই। কিন্তু ভয়ে তাঁরা মামলা করতে ইচ্ছুক ছিলেন না। এরপর পরিবারটিকে আমরা অভয় দিই। রোববার বিকেলে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে মামলা করেছেন।’
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজ সোমবার বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
