চাটখিলে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর আজাদের ভোট বর্জন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেড এম আজাদ খান।
মঙ্গলবার বেলা ৩টায় চাটখিল ভীমপুর এলাকায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে জেড এম আজাদ খান অভিযোগ করে বলেন, সকাল থেকে বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দোয়াত কলম প্রতীকে সিল মারা অবস্থায় একটি পুরো বই ব্যালট পেপার দেখতে পেয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
একই দৃশ্য দেখা যায় সপ্তগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া উপজেলার বেশির ভাগ কেন্দ্রে এভাবে দোয়াত কলমের প্রার্থীর পক্ষে জাল ভোটের উৎসব চলছে। এমতাবস্থায় তিনি প্রহসনের ভোট আখ্যা দিয়ে তা বর্জন করে চাটখিলে পুনরায় নির্বাচন দেওয়ার আহবান জানিয়েছেন।