লক্ষ্মীপুরে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ,ভোগান্তিতে দুই শতাধিক যাত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে তীব্র জোয়ার সৃষ্টি হয়েছে এবং প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।
রোববার (২৬ মে,২০২৪) সন্ধ্যায় মজুচৌধুরীর হাট লঞ্চ ও ফেরিঘাট এলাকায় গিয়ে আটকাপড়া যাত্রীদের ভিড় দেখা যায়। চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট থেকে আসা কয়েকজন যাত্রী জানান, তারা কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে মজুচৌধুরীর হাট লঞ্চঘাট আসেন। কিন্তু লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকায় তারা বাড়ি যেতে পারেননি। ৩-৪ দিনের ছুটির দুদিনই লঞ্চঘাটে কেটে গেলো। কখন লঞ্চ ও ফেরি ছাড়া হবে তাও অনিশ্চিত। এতে অনেকেই আবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন।
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে বর্তমানে চারটি লঞ্চ চলাচল করে। এরমধ্যে একটি বরিশাল ও বাকি তিনটি ভোলার ইলিশাঘাট পর্যন্ত যায়। শনিবার (২৫ মে) দুপুর ১২টার পর থেকে ঘূর্ণিঝড়ের জন্য বিপৎসংকেত দেওয়া হলে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। দুটি লঞ্চ খিজীর-৮ ও সুকান্ত বাবু মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে রয়েছে। বাকি দুটি ভোলার ইলিশাঘাটে রয়েছে।
ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করে। শনিবার দুপুর ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরিগুলো মজুচৌধুরীরহাট ঘাটে রয়েছে।পরবর্তী নির্দেশনা পর্যন্ত লঞ্চ বন্ধ থাকবে।
