চাটখিল থানা থেকে লুট অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম ফেরত দেওয়ার আহবান- মেজর তানভীর

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল থানার দায়িত্বে নিয়োজিত সেনা কর্মকর্তা (কমান্ডার) মেজর তানভীর চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এসব অস্ত্র ও সরঞ্জাম যারা ফেরত দেবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না।
সোমবার(১২ আগস্ট) নোয়াখালীর চাটখিল থানার ক্ষতিগ্রস্ত ভবন, অস্থায়ী থানার পরিদর্শনে আসেন নোয়াখালীর পুলিশ সুপার আসাদুজ্জামান খান বিপিএম, নোয়াখালীর দায়িত্বে নিয়োজিত সেনা কর্মকর্তা (কোম্পানি কমান্ডার) লেঃ কর্নেল আশরাফ উদ্দিন ও চাটখিলের দায়িত্বে নিয়োজিত সেনা কর্মকর্তা ( কমান্ডার) মেজর তানভীর, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ।
এ সময় থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জানতে চাইলে মেজর তানভীর বলেন, আমরা এলাকা ভিত্তিক সময় দিয়েছিলাম আগামী শুক্রবার পর্যন্ত। যেহেতু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বিঃ জেঃ (অবঃ) এম সাখাওয়াত হোসেন আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ার সময়ের মধ্যে চাটখিল থানার অস্ত্র গোলাবারুদ ও পুলিশের অন্যান্য সরঞ্জাম ফেরত দেওয়ার জন্য আমি আহবান জানাই।
মেজর তানভির বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা অস্ত্র গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম ফেরত দিবেন না তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যখন আমরা এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযান শুরু করব, তখন এসব অস্ত্র যাদের কাছে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
