নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া ৬১২ টি বুলেট উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২ টি বুলেট উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দশনাী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এখন পর্যন্ত লুট হওয়া একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, আমি অত্র জেলাতে আসার পর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য ব্যাপকভাবে অভিযান পরিচালনা করছি, তারই ধারাবাহিকতায় আজ এই অস্ত্র এবং গুলিগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি, এই অস্ত্রগুলি থানা থেকে মিসিং হওয়া অস্ত্রগুলো কিনা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানাতে পারবো।
