ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: মাহফুজ আলম

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,  ২৪’র জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হতে পারে।এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো- সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার কাজ শুরু হবে এবং একটি রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।’

উপদেষ্টা বলেন, ‘আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।’

তিনি বলেন, ‘সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি।এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওয়ানা দিলো।’

মাহফুজ আলম বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লক্ষ্য বাস্তবায়িত হবে। যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। গুম-খুনের মতো ভয়াবহতা আর ফিরে আসবে না।’