হাসপাতালে রোগী সেজে চুরি, সাত নারী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

 লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী সেজে চুরির ঘটনায় ৭ নারীকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই জামালপুর ও বগুড়ার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে কুলসুমা বেগম নামে এক নারী চুরির ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেন। চুরির মামলায় গ্রেফতারকৃতরা হলেন, নুর জাহান (১৯) নাছিমা আক্তার (৪৮) আনিছা বেগম (৩০) বেগম খাতুন (২৫) পারভীন আক্তার (৫০) ও সাফিয়া আক্তার (৪০) সহ ৭জন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিনিয়ত সদর হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীদের টাকা, গয়না ও মোবাইল চুরির ঘটনা ঘটছে। গতকাল রোববার দুপুরে কুলসুমা বেগম নামে এক নারী ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটে লাইনে দাঁড়ান। এ সময় তাঁর ব্যাগ থেকে ছয় হাজার টাকা চুরির করার সময় হাতেনাতে এক নারীকে আটক করে স্থানীয়রা। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাতে শহরের বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে আরও ছয় নারীকে আটক করা হয়। জড়িত ৭ নারীই সদর হাসপাতালে রোগী সেজে চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাঁরা একই এলাকায় দুই থেকে তিন মাসের বেশি অবস্থান করেন না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘গ্রেপ্তারকৃত সবাই চোর চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন হাসপাতালে রোগী সেজে চুরিসহ নানা অপরাধ করে থাকে। তারা কয়েক দিন আগে এই শহরে বাসাভাড়া নিয়েছে। চক্রটি এর আগেও বিভিন্ন স্থানে একই কাজ করে আসছিল। এই চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

Share this news as a Photo Card

10 November 2025

হাসপাতালে রোগী সেজে চুরি, সাত নারী গ্রেপ্তার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে