লক্ষ্মীপুরে ৪৩ পিস ইয়াবাসহ আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে ৪৩ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ও বিট পুলিশিং কমিটির সদস্যরা।
শনিবার (৫ সেপ্টেম্বর,২৬) সকালে ইউনিয়নের চাঁদখালী গ্রামের হাজী মার্কেট এলাকায় তাকে আটক করা হয়। পরে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।মূলত মাদক বিরোধী সচেতনতা ও এলাকাবাসীর সতর্ক অবস্থানের একটি অংশ।
আটকৃত যুবকের নাম জসিম। জসিম লাহারকান্দি ইউনিয়নের রামানন্দী গ্রামের ইদ্রিস হাজী বাড়ির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, জসিম ইয়াবা নিয়ে স্টার লাইন পরিবহনের একটি বাসে করে জকসিন এলাকায় আসে। বিষয়টি সন্দেহ হলে বিট পুলিশিং কমিটির সদস্যরা তাকে চাঁদখালী হাজী মার্কেট এলাকায় থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লাহারকান্দি বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হানিফ ভূইয়া বলেন, “মাদক আমাদের এলাকার যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নিয়মিতভাবে কাজ করছি। সন্দেহজনক গতিবিধি দেখে জসিমকে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ইয়াবা পাওয়ার পর পুলিশকে খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও বহনকারীদের বিরুদ্ধে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, স্থানীয় বিট পুলিশিং কমিটির সদস্যরা জসিমকে ইয়াবাসহ আটক করে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।