লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে খাবারে অতিরিক্ত লবণ পরিহার বিষয়ক অবহিতকরন সভা

নোয়া সংবাদ : খাবারে অতিরিক্ত লবণ পরিহার বিষয়ক অবহিতকরণ সভা রোববার (ডিসেম্বর ১১, ২০১৬) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো: আলাউদ্দিন মজুমদার।
জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা; আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালের ডা: ইকবাল হোসেন, ডা: জাকির হোসেন, ডা: মো: নিজাম উদ্দিন, খন্দকার বদরুল আলম, মওদুদুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বেঁচে থাকার জন্য আমাদের লবণ দরকার। কিন্তু আমরা প্রয়োজনের চেয়ে বেশী লবণ খাচ্ছি। তিন স্তরে এই লবণ আমাদের শরীরে আসছে। প্রথম স্তরে প্রাকৃতিক ভাবেই রান্নার কাঁচা উপকরণ থেকে শরীরে যথেষ্ঠ লবণ আসে। স্বাদ বাড়ানোর জন্য ২য় স্তরে আমরা রান্নার সময় লবণ যোগ করি।এরপরেও ৩য় স্তরে আবার খাবার সময় পাতে লবণ ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, এ ভাবে প্রয়োজনের চেয়ে বেশী বেশী লবণ খাওয়ায় মানব দেহে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সেই সাথে বাড়ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। সুস্থ জীবন যাপনের জন্য আমাদের প্রত্যেককে লবণ খাওয়ার পরিমাণ অর্ধেকে নামিয়ে আনতে হবে।তাই অতিরিক্ত লবণ পরিহার করতে উপস্থিত সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়।
