লক্ষ্মীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ সন্ত্রাসী বাসার বাহিনীর প্রধান বাসার নিহত

নোয়া সংবাদ : লক্ষ্মীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ সন্ত্রাসী বাসার বাহিনীর প্রধান আবুল বাসার (৩৫) নিহত হয়েছে।
শুক্রবার (ডিসেম্বর ৩০,২০১৬) দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় সদর থানা পুলিশের এক এসআই সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত বাসার ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহম্মেদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যাসহ সদর থানায় ১৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, স্থানীয় কাজ্জাালীপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপান সংবাদে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী বাহিনীর প্রধান বাসারকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
