খালেদা জিয়ার জামিন দেয়া না দেয়া আদালতের বিষয় : কামরুল ইসলাম

নোয়া সংবাদ ডেস্ক :

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন দেয়া না দেয়া আদালতের বিষয়। এ ব্যাপারে সরকারের কিছুই করার নেই।

বৃহস্পতিবার(১মার্চ,২০১৮)কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের জনসভা সফল করার লক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সুলতানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের সভাপতিত্বে সভায় ঢাকা মহনগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপির উদ্দেশে কামরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া জেলখানায় আছে এই ইস্যু নিয়ে যদি আপনারা নির্বাচন বানচাল করতে চান তাহালে আমাদের কিছুই করার নাই। নির্বাচন যথাসময়েই হবে। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। নির্বাচনে কে আসলো আর কে আসলো না তা আমাদের আর দেখার সময় নাই।

কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আমরা যখন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাজাতাম তখন তারা আমাদেরকে নানাভাবে বাধা দিত। আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে ইউনেস্কোসহ বিশ্ববাসী স্বীকৃতি দিয়েছে।