রায়পুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী পলাতক

রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আফসানা আক্তার বিউটি নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৩মার্চ,২০১৮)সকালে রায়পুর পৌর শহরের নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসার ৪র্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবী যৌতুক না পেয়ে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী আলা আমিন। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

নিহত বিউটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের মেয়ে ও রায়পুর উপজেলার আলামিনের স্ত্রী।

নিহতের মা কহিনুর বেগম জানান, দীর্ঘদিন থেকে স্বামী আল আমিন যৌতুকের টাকার জন্য গৃহবধুকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ঘটনার দিন রাতে ওই গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় তার স্বামী।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক মিয়া জানান, এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।