লক্ষ্মীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

‘‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’’এই প্রতিপাদ্যেকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস।

বুধবার(১১জুলাই,১৮) লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়  এর উদ্যোগে নানান কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।

সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুষ্ঠানের শুরু হয়। শোভাযাত্রাটি ঢাকা-রায়পুর সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয়ের খোলা চত্ত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল । পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন, অতিঃ পুলিশ সুপার মোঃ রিয়াজুল কবির, উপজেলা নির্বাহী অফিসার সদর মোঃ শাহজাহান আলী।

প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, তৃণমুলে জনসংখ্যা বৃদ্বি হ্রাসে কাজ করতে হবে। আজ যারা এখানে উপস্থিত আছেন তাদের জন্য সচেতনতার প্রয়োজন নেই। কিন্তুু যে মানুষটির প্রত্যন্ত অঞ্চলে বাস তার জন্য সচেতনতার প্রয়োজন আছে। সবচেয়ে বেশী জনসংখ্যার দেশ চীন। তারা তাদের জনসংখ্যাকে সম্পদে পরিণত করেছে। আমাদেরও জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আমাদের জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। তিনি পরিবার ছোট রাখার আহবান জানান।

সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমদ বলেন, আমাদের এখন গড় আয়ু ৭২ বছর। এটা সম্ভব হয়েছে আমরা সচেতন বলে। আর মানবাধিকার হলো পরিকল্পিত পরিবার গ্রহনের জন্য স্বামী স্ত্রী উভয়কেই পদ্ধতি নিতে হবে। শুধু মায়েরা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করলে মানবাধিকার রক্ষা হয় না। স্বামীকেও জন্মনিয়ন্ত্রণ পদ্বতি গ্রহণ করতে হবে। তবেই মানবাধিকার রক্ষা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী নূর মোহাম্মদ, জেলা ব্রাক প্রতিনিধি ফারুক আহমেদ, বাপসা জেলা প্রতিনিধি জোবায়দা বেগম শিল্পি।

আলোচনা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রনে কাজ করার জন্য বিভিন্ন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কামালুর রহিম সমর ও জোবায়দা বেগম শিল্পী।