চট্টগ্রামে অপ্রাপ্তবয়স্ক চালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে অপ্রাপ্তবয়স্ক চালককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(৩,সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে এই কারাদণ্ড দেওয়া হয়।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া হিউম্যান হলার চালানোর দায়ে তাঁকে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১২ এর ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এই কারাদণ্ড দেন।কারাদণ্ডপ্রাপ্ত চালকের নাম নাহিদ হোসেন (১৮)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের বাসিন্দা বেলাল হোসেনের ছেলে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পেশাদার চালকের বয়স ন্যূনতম ২০ বছর হতে হয়। কিন্তু নাহিদের বয়স ২ বছর কম। অর্থাৎ তিনি অপ্রাপ্তবয়স্ক চালক। এ জন্য তিনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপযুক্ত হননি। লাইসেন্স ছাড়া তিনি গাড়ি চালাচ্ছিলেন। এ ছাড়া ওই গাড়ির ফিটনেস সনদ ও রুট পারমিট ছিল না। তাই গাড়িটিও ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১২-এর ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক একজনকে কারাদণ্ড দেওয়া ছাড়াও ৩৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, ৪৮ হাজার টাকা জরিমানা আদায়, আটটি গাড়ির কাগজ জব্দ ও সাতটি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানোর আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত-১১-এর ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর বলেন, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত বসানো হচ্ছে। চট্টগ্রামে প্রতিদিন এই অভিযান চলবে।

সূত্র: প্রথম আলো