ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় আমরা বিব্রত: প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন ডেস্ক:
নির্বাচনী প্রচারণার প্রথমদিনেই সহিংসতা ও হামলার ঘটনায় বিশেষ করে মির্জা ফখরুলের গাড়িতে হামলার ঘটনায় আমরা বিব্রত, বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বুধবার(১২ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী।
কেএম নূরুল হুদা বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন সহিংসতায় পরিণত না হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।
সিইসি বলেন, একটা মানুষের জীবন সব নির্বাচনের চেয়ে অনেক মূল্যবান। ৩০০ আসনের নির্বাচনের চেয়ে মানুষের জীবন মূল্যবান। এই সহিংসতা ও জীবনহানি কাম্য হতে পারে না।
এসময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান ও অনুরোধ রাখেন যেন কেউ কারো প্রচার প্রচারণায় প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না। সবাই সহনশীলতা বজায় রাখবেন।
