ভোট যুদ্ধে আসুন, দেখি কে জিতে: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক:

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, কেউ হামলা করলে আমি তার প্রতিরোধ করার ক্ষমতা রাখি। আমি বলবো, ভোট যুদ্ধ কিন্তু অস্ত্রের যুদ্ধ নয়। ভোট যুদ্ধে আসুন, দেখি কে জিতে।

বুধবার(১২ডিসেম্বর) বেলা ১২টার সময় মতিঝিল জনতা ব্যাংকের সামনে প্রচারণা করেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন আব্বাস।

মির্জা আব্বাস বলেন, আজ সকালে পরপর কয়েকবার আমার স্ত্রী আফরোজা আব্বাসের প্রচারণায় পরপর কয়েকবার হামলা হয়েছে। উনি কিন্তু যুদ্ধ করতে যাননি। আমিও যুদ্ধ করতে নামিনি। আমরা ভোটারদের মন জয় করতে নেমেছি। ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে নেমেছি।

তিনি অভিযোগ করেন, পুলিশ দাঁড়িয়ে থেকে হামলা দেখেছে। পুলিশের সহায়তায় হামলা করছে। লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। যতোই চেষ্টা করুন, আমরা কোনো পরিস্থিতে মাঠ ছাড়বো না।

ঢাকায় আপনি এবং আপনার সহধর্মিনী ছাড়া আর কাউকে প্রচারণায় দেখা যাচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, সবাই আছে৷ অনেকে পুলিশি বাধা আর সরকারি দলের ক্যাডারদের বাধায় বের হতে পারছে না। তবে ঠিক সময়ে তারা বের হবে।

বেলা ১১টা থেকে মতিঝিল জনতা ব্যাংকের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মির্জা আব্বাস।

 

সূত্র:আরটিভি অনলাইন