কমলনগরে গৃহবধূর বিষপান, মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় তাছলিমা আক্তার রিমা (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট বাজার সংলগ্ন পূর্ব চরফলকন গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত রিমা ওই এলাকার মো. রাজুর স্ত্রী এবং আইয়ুবনগর এলাকার মো. জামালের মেয়ে। তার ৪ বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে। এর আগে দুপুরে পারিবারিক ঝগড়ার পর রিমা বিষপান করে বলে জানিয়েছে শ্বশুর বাড়ির লোকজন।
নিহতের বোন জান্নাতুল ফেরদাউস জানান, ছয় বছর আগে ওই এলাকার মজিদ খলিফার ছেলে রাজুর সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রিমার সঙ্গে শ্বশুর-শাশুড়ির প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার সকালেও তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।এর জের ধরে দুপুর দেড়টার দিকে রিমা বিষপান করে।
গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, নিহতের লাশ সন্ধ্যার আগ মুহূর্তে উদ্ধার করা হয়েছে। লাশ আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে । তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
