লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় বালুভর্তি পিকআপভ্যানের চাপায় মো. নাঈম (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ১১.৩০ ঘটিকায় উপজেলার টুমচর ইউনিয়নের ইলির গোজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাঈমের মৃত্যুতে তাৎক্ষণিক এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়ে তার আত্মীয়–স্বজনরা।
নিহত নাঈম উপজেলার টুমচর গ্রামের আবুদাবি প্রবাসী জয়নাল আবদিনের ছেলে ও টুমচর মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সদর উপজেলার মজুচৌধুরীর হাট থেকে বালুভর্তি একটি পিকআপভ্যান (লক্ষ্মীপুর–শ, ১১–০০২০) ঘটনাস্থলে এসে পথচারী শিশুকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা চালককে ও পিকআপটি আটক করে পুলিশে সোপর্দ করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ–পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, চালক ও পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
