শ্যামনগর উপকূলে টেকসই বেড়িবাঁধ ও বিশুদ্ধ খাবার পানির দাবিতে নৌ বন্ধন অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগর উপকুলে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীতে বিরাট নৌ বন্ধন ও  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা নাগরিক কমিটি, নাগরিক আন্দোলন, জলবায়ু পরিষদ, যুব ফোরাম, গাবুরা জলবায়ু সহনশীল ফোরাম ও লিডার্স এই কর্মসূচির আয়োজন করে।

রবিবার(০৭ জুন) দুপুর দেড়টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আম্পানসহ দূর্যোগপ্রবণ দূর্গত উপকুলবাসীর জীববৈচিত্র্য রক্ষায় তিনদফা দাবি পেশ করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। নৌ বন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যন ভবতোষ কুমার মন্ডল, আশেক ই এলাহী, ফাহিমুল হক কিসলু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, খালেদা আযুব ডলি প্রমুখ।

এ নৌবন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার দক্ষিণ উপকূলের ১০টি পোল্ডারের প্রায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ বারবার দুর্যোগে ভাঙছে। আইলা, সিডর ও আম্পানে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি।

তারা বলেন, বারবার ক্ষতির পর সরকার যে সংস্কার কাজ করছে তা টিকছে না। এজন্য স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ না হলে দেশের দক্ষিণ উপকূল বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পরে এক সংবাদ সম্মেলনে বাঁধ নির্মাণে স্থানীয় সরকারকে সম্পৃক্তকরণ, অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ এবং উপকূলে সুপেয় পানির ব্যবস্থাসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।