অপার সম্ভাপনাময় অর্থনীতির চালিকাশক্তি হতে যাচ্ছে মোংলা বন্দর

 মোংলা প্রতিনিধিঃ

অপার সম্ভাপনাময় অর্থনীতির চালিকাশক্তি হতে যাচ্ছে মোংলা বন্দর ।যোগাযোগ খাতের আধুনিক উন্নয়নের মাধ্যমে এ বন্দর আরও গতিশীল করার চেষ্টা করছে সরকার । ভারতের রাধিকাপুর থেকে মোংলা বন্দর পর্যন্ত রেল সংযোগ হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ভারতের রাধিকাপুর থেকে দিনাজপুরের বিরল স্থলবন্দর-হার্ডিঞ্জ রেল সেতু- খুলনা হয়ে মোংলা পর্যন্ত রেল লাইন যাবে।

সোমবার (৬ জুলাই) দিনাজপুরের বিরল রেল স্টেশনের উদ্বোধন ও বিরল স্থল বন্দরের সাথে রেল সংযোগ স্থাপনের সম্ভাব্যতা পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

খালিদ মাহমুদ বলেন, মোংলা বন্দরে প্রতিদিন ৩০ থেকে ৪০টি জাহাজ আসা যাওয়া করে। এ বন্দরকে আরো আধুনিকায়ন করা হচ্ছে। ইতোমধ্যে লাইন অব ক্রেডিটের আওতায় ভারত আট হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইন হচ্ছে। এর ফলে ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি-রফতানিতে বাণিজ্যিক সুবিধা হবে।