কর্মহীন মানুষের মাঝে ইবি ছাত্রলীগের ইদ উপহার

আর এম রিফাত,ইবি প্রতিনিধি।।

ঈদের উপলক্ষে অসহায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার(৩০ জুলাই) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী, নৈশ প্রহরী, ভ্যানচালক ও ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে সংগঠনটি। এর আগে জনসচেতনতা বাড়াতে সবার মাঝে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন। এছাড়াও ছাত্রলীগ নেতা বিপুল খান, আলামিন জোয়ার্দার, হোসাইন মজুমদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আমরা অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ গ্রহণ করেছি৷ এর মাধ্যমে একজন মানুষের মুখে হাসি ফুটাতে পারলেও আমাদের আয়োজন সার্থক হবে।’