আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামী আটক

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার আদমদীঘিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে মিম খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার এবং ওই গৃহবধূর স্বামী ফজলে রাব্বিকে আটক করেছে পুলিশ। আটক ফজলে রাব্বি দাবী করে যে, তার স্ত্রী আত্মহত্যা করেছে। পক্ষান্তরে মিম খাতুনের বাবা–মায়ের দাবী যে, মিমকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, দুই বছর পূর্বে সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা মহল্লার মোসলেম উদ্দিনের মেয়ে মিম খাতুনের (২১) সাথে দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের তানসের আলীর ছেলে ফজলে রাব্বির (২৬) বিয়ে হয়।
ফজলে রাব্বি তার বেসরকারি চাকরির সুবিধার্থে আদমদীঘি উপজেলা সদরের গোহাটি এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি স্বামীর পরকিয়া রয়েছে এমন সন্দেহ করলে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। মাঝে–মধ্যে হয় ঝগড়া–বিবাদ। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধা রাতে ঝগড়া হয়। খবর পেয়ে উভয়ের বাবা–মা এসে রাব্বি ও মিমকে বুঝিয়ে মিমাংসা করে দিয়ে চলে যায়। এর পর রাতে ফের উভয়ে ঝগড়া করে। রাত তিনটার দিকে রাব্বি ওই বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে ডেকে তুলে জানায় যে, তার স্ত্রী মিম গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ অবস্থায় বাড়ি মালিক থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ বৃহস্পতিবার ভোরে এসে শয়ন ঘরের খাটের উপর থেকে লাশ উদ্ধার এবং ফজলে রাব্বিকে আটক করে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ বগুড়া মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
