সড়ক দুর্ঘটনায় থেমে গেলো পর্বতারোহী রেশমার স্বপ্ন

অনলাইন ডেস্ক।।

রাজধানীর শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩)।মাইক্রোবাসের চাকার নিচে পিষ্ট হল তার স্বপ্ন ।

শুক্রবার(৭ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে এ দুর্ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রেশমা চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারী ও পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেশমা রত্না পর্বতারোহী, দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন। গাড়িচাপায় রেশমার সাইকেলটি পেছন থেকে দুমড়ে-মুচড়ে গেছে। সেটি ঘটনাস্থল থেকে পুলিশ জব্দ করেছে।

ওসি জানান, মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।