পতেঙ্গায় ইনকন্ট্রেড ডিপুতে বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত, আহত ৩

সাজ্জাদ হোসেন চৌধুর,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ১৪ নম্বর ঘাটের কাছে একটি বেসরকারি ইনকন্ট্রেড ডিপুতে বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে আরও কমপক্ষে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার(২ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংকে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে বলে নাগরিক কাগজকে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল আলম।
সংঘটিত বিস্ফোরণে নিহত শ্রমিকরা হলো-মেকানিক্যাল হেলপার মোকতার হোসেন (২০), মেকানিক মো. নেওয়াজ উদ্দিন (২৬) এবং হেলপার আরমান উদ্দিন। আরমান উদ্দিনের বাড়ি নগরীর লালদীঘির পাড় এলাকায়।জানা গেছে আহত ২ জনের বাড়ি বিজয় নগর।
তিনি আরও জানান, ডিপোর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার হামিদ উল্লাহ জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এতে মারা গেছে ৩ জন বলে শুনেছি।
এদিকে বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকন্ট্রেড নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান।
