অর্থনীতিকে সচল রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার(৩ অক্টোবর)সকালে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা  গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন।

‘আওয়ামী লীগ মানুষের পাশে রয়েছে এবং মানুষের পাশেই থাকবে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি জনগণকে এটাই বলতে চাই, জনগণের সংগঠন হলো আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ জনগণের পাশে আছে। যেটা এবার দুর্যোগ, করোনা মহামারীর সময়েও প্রমাণ হয়েছে। কারণ, জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি।’

তিনি এ সময় দলের নেতা-কর্মীদের সবসময় জনগণের পাশে থাকারও পরামর্শ দেন।

তিনি বলেন, আমার মনে হয়, একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতা পেয়েছে। এ জায়গায় অন্য কেউ থাকলে কত মানুষ যে মারা যেত, মানুষের কত যে দুরবস্থা আর কত যে মানুষকে দুর্ভোগ পোহাতে হোত তা ভাষায় প্রকাশ করা যায় না।

প্রধানমন্ত্রী এ সময় বিএনপি’র করা ঢালাও সমালোচনার দিকে ইঙ্গিত করে বলেন, অনেকেরই আমরা ভাষণ শুনি। অনেকে অনেক কথা বলে বা যেগুলো আমরা করে ফেলি বা নির্দেশনা দেই বা পদক্ষেপ নেই, তার ওপর আবার অনেককেই উপদেশ দিতেও দেখেছি।

করোনার কারণে বিশ্বঅর্থনীতি স্থবির হয়ে পড়লেও বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে তাঁর সরকারের সময়োচিত পদক্ষেপের উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘৫ লাখ কোটি টাকার ওপরে বাজেট দিয়েছি, যেটা একটা কঠিন কাজ ছিল। আমরা বলেছি খরচ করবো সীমিত আকারে, যেটুকু প্রয়োজন সেইটুকু। কিন্তু অর্থনীতি গতিশীল রাখার জন্য বাজেট আমরা ঠিক রেখেছি।’

সংকট মোকাবেলায় সর্বস্তরের মানুষের জন্য সরকার প্রদত্ত প্রণোদনা প্রসংগে প্রধানমন্ত্রী বলেন, ‘যাচাই বাছাই করে তালিকা নিয়ে ডিজিটাল পদ্ধতিতে কৃষক, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষদের কাছে নগদ অর্থ এবং সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি।’

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯-এর শুরুতেই আমি নির্দেশ দিয়েছিলাম খাদ্য উৎপাদন আমাদের ঠিক রাখতে হবে। কারণ করোনার জন্য বিশ্বব্যাপী মন্দা আসবে আর মন্দার সঙ্গে কিন্তু খাদ্যাভাব এবং দুর্ভিক্ষও দেখা দিতে পারে। কাজেই কৃষক যেন মাঠে থাকে, উৎপাদন করতে পারে এবং বাংলাদেশে যেন সে পরিস্থিতির সৃষ্টি না হয়। আল্লাহর রহমতে সে অবস্থার সৃষ্টি বাংলাদেশে হয়নি।

তিনি বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে আমাদের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ এবং কৃষক লীগসহ সবাই মাঠে নেমে গেছে। হাওড় অঞ্চলে ধান কাটতে লোক পাঠানো এবং তাদের থাকা খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা আমার নির্দেশে করেছে স্থানীয় প্রশাসন- তাদেরকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

করোনাকালীন বিভিন্ন দেশে লকডাউনের সময় প্রবাসী শ্রমিকদের জন্য বিদেশে আর্থিক সাহায্য পাঠানোর পাশাপাশি বিশেষ বিমান পাঠিয়ে বিভিন্ন দেশে থেকে তাঁদের দেশে ফিরিয়ে আনার তথ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখি। তারাতো আমাদের দেশের নাগরিক। কাজেই তাদের ভাল-মন্দ আমাদেরই দেখতে হবে।’

করোনাকালীন বিভিন্ন স্থানে সশরীরে যাওয়া না গেলেও তাঁর সরকারের করে দেয়া ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে দলের সাংগঠনিক কর্মকান্ড বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সাংগঠনিক শক্তি হচ্ছে সব চেয়ে বড়। তৃণমূল পর্যায় পর্যন্ত যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি রয়েছে সেটা করোনা মোকাবেলায় যখন মাঠে নেমেছে, তখনই প্রমাণিত হয়েছে।’

করোনাকালীন দলের ৫২২ জন নেতা-কর্মী মৃত্যুবরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এত বড় আত্মত্যাগ আর কোন দল কিন্তু করেনি।’

শেখ হাসিনা বলেন, জাতির পিতা যে স্বাধীনতা এনে দিয়ে গেছেন সেই স্বাধীনতার সুফল যেন প্রত্যেকের দোরগোঁড়ায় পৌঁছতে পারে সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।

Share this news as a Photo Card

03 October 2020

অর্থনীতিকে সচল রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে