আদমদীঘিতে মৃত শিক্ষকের নামে ব্যাংকে বেতন বিল দাখিল

হাবিব শিমুল, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘিতে মৃত শিক্ষকের নামে বেতন উত্তোলন চেষ্টা ফাঁস হয়ে গেছে। ফলে ব্যাংক থেকে বেতন বিল আটকে দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।
জানা গেছে, উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকেয়া বেগম ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা অবস্থায় ২৬ আগস্ট/২০২০ তারিখে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবর বিভিন্ন সংবাদপত্রের মাধমে আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ সকল শিক্ষকগন অবগত হন। এছাড়াও মৃত ওই শিক্ষকের পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়।
এরপরও অনিয়ম ও দুর্নীতির আখড়া আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মৃত ওই শিক্ষকের নামে সেপ্টেম্বর মাসের ৩২ হাজার ৯২ টাকার বেতন বিল প্রস্তুত করে উত্তোলনের জন্য উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের মাধ্যমে পাশ করিয়ে জনতা ব্যাংক আদমদীঘি শাখায় দাখিল করেন।
বেতন বিল দালিখের বিষয়টি রবিবার জানাজানি হবার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম দেওয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুলবসত অফিস সহকারী এ কাজটি করেছেন। আমিও ভুলবসত ওই বেতন বিলে স্বাক্ষর করেছি।
মৃত শিক্ষক রোকেয়া বেগমের নামে বেতন বিল দাখিল এবং সেটি আটকে দেয়ার বিষয়টি জনতা ব্যাংক আদমদীঘি শাখার ম্যানেজার তাপস কুমার গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সাথে কথা বলা হলে তিনি জানান এটা সম্পন্ন বেআইনী কাজ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
