দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই

অনলাইন ডেস্ক ।।

ব্যাটসম্যান-বোলারদের নৈপুন্যে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো মুম্বাই ইন্ডিয়ান্স।

গতরাতে টুর্নামেন্টের ২৭তম ম্যাচে মুম্বাই ৫ উইকেটে হারিয়েছে দিল্লিকে। এই জয়ে ৭ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে উঠলো মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট দিল্লিরও। কিন্তু রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে দিল্লি।

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে ২৪ রানের মধ্যে ২ উইকেট হারায় দিল্লি। তৃতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দিল্লিকে ভালো অবস্থায় নিয়ে যান ওপেনার শিখর ধাওয়ান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

আইয়ার ৩৩ বলে ৪২ রান করে ফিরলেও, হাফ-সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ধাওয়ান। ৫২ বলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন তিনি। ফলে ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় দিল্লি। মুম্বাইয়ের স্পিনার ক্রুনাল পান্ডিয়া ২টি উইকেট নেন।

১৬৩ রানের টার্গেটের খেলতে নেমে হোচট খায় মুম্বাই। ৫ রান করে বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মা। তবে দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে নিয়ে ৪৬ ও তৃতীয় উইকেটে ইশান কিশানকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে মুম্বাইয়ের জয়ের পথ সহজ করে ফেলেন সূর্যকুমার যাদব।

৫৩ রান করে করেন ডি কক ও সূর্য। ম্যাচ সেরা ডি ককের ৩৬ বলের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা এবং সূর্যের ৩২ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিলো।

এছাড়াও কিশান ১৫ বলে ২৮, কাইরোন পোলার্ড অপরাজিত ১১ ও ক্রুনাল ৭ বলে অপরাজিত ১২ রান করে মুম্বাইয়ের জয়ে অবদান রাখেন।বাসস