আগামীকাল সারাদেশে ধর্ষণ বিরোধী সমাবেশ করবে পুলিশ

বিশেষ প্রতিনিধি ।।
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর)সারাদেশে সমাবেশ করবে বাংলাদেশ পুলিশ।পুলিশের উদ্যোগে শনিবার সরাদেশে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
শুক্রবার(১৬ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল বিটে একযোগে একই সময়ে শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
পুলিশ সদর দফতর জানায়, সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতিটি সমাবেশ স্ব স্ব বিটের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।
