বর্ডার গার্ড বাংলাদেশে যুক্ত হচ্ছে দুটি আধুনিক হেলিকপ্টার

শেখ আল মামুন ।।
সীমান্তে নজরদারি বাড়ানো ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাচ্ছে দুটি হেলিকপ্টার। দেশের সীমান্তপথে সব ধরনের মাদকের অনুপ্রবেশ বন্ধে হেলিকপ্টার দুটি টহলে ব্যবহৃত হবে।
আগামীকাল রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবি এয়ার উইংয়ের জন্য কেনা এ দুটি হেলিকপ্টারের কার্যক্রম উদ্বোধন করবেন।
রোববার সকাল সাড়ে ১০টায় পিলখানায় বীর আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবির এয়ার উইংয়ের জন্য রাশিয়া থেকে কেনা হেলিকপ্টার দুটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ১০টা ৩৫ মিনিটে ‘ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনে বিজিবি’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বিজিবির মহাপরিচালক কর্তৃক ‘শতবর্ষে জনকের মুখ’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রধানমন্ত্রীকে হস্তান্তর এবং স্যুভেনির প্রদান করা হবে অনুষ্ঠানে। ১০টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবির উদ্দেশ্যে সমাপনী ভাষণ প্রদান ও হেলিকপ্টার উদ্বোধন ঘোষণা করবেন।