সরকার জনগণের কাছে পৌঁছে দিয়েছে ১৪’শ এর অধিক ডিজিটাল সেবা

অনলাইন ডেস্ক ।।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার ১৪০০ এর অধিক ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছে।

তিনি আরও বলেন,বর্তমানে ৬ হাজার ডিজিটাল ডেলিভারি সেন্টারের মাধ্যমে প্রতি মাসে ৬ মিলিয়ন মানুষ কম সময়ে, কম খরচে এবং হয়রানি মুক্তভাবে দ্রুততার সাথে গুণগত মানসম্পন্ন ডিজিটাল সেবা নিশ্চিতে সরকার কাজ করছে।

আজ বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) বাংলাদেশের স্টার্টআপদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজিত “আইডিয়াথন” প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষে আইসিটি বিভাগ ১০০টি উদ্যোগসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য “আইডিয়াথন” একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানান।

আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব টিনা এফ জাবিন, বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবীর।