চলচ্চিত্রের দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগ,পর্নোগ্রাফি আইনে পরিচালক ও অভিনেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ।।

বাংলাদেশে একটি চলচ্চিত্রের দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে এবং পর্নোগ্রাফি আইনে মামলায় চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহীন মৃধাকে ঢাকায় তাদের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলাটি করেছে ঢাকায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

শুক্রবার দুপুরে অনন্য মামুন ও শাহীন মৃধাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। আদালতে তদন্ত কর্মকর্তা রমনা থানায় করা মামলার এই দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাঁদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, সদ্য মুক্তি পাওয়া নবাব এল এলবি নামের চলচ্চিত্রে ধর্ষণের শিকার একজন নারীকে পুলিশের জিজ্ঞাসাবাদের একটি দৃশ্যে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, যা পর্নোগ্রাফি আইনে অপরাধ বলে তারা মনে করেন।পুলিশ বাহিনীকে ঐ দৃশ্যে হেয় করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তারা মনে করেন।

জানা যায়, ওই চলচ্চিত্রের একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা করার জন্য যেতে দেখা যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ।নবাব এল এলবি নামের চলচ্চিত্রটির অর্ধেক অংশ আই থিয়েটার নামের একটি অ্যাপে মুক্তি দেয়া হয়েছে গত ১৬ই ডিসেম্বর।

মামলার তদন্তকারী ডিবি পুলিশের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন এবং পুলিশের এসআই এর অভিনয় করা শাহীন মৃধাকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।সেজন্য তাদের দু’জনকেই গ্রেপ্তার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

চলচ্চিত্রটির অর্ধেক অংশ আই থিয়েটার অ্যাপে মুক্তি দেয়া হয়েছিল। বাকি অর্ধেক অংশ ১লা জানুয়ারি মুক্তি দেয়ার কথা ছিল।