মোংলায় ১৮ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্র পথে আসা সুন্দরবনের খাল থেকে ট্রলারসহ প্রায় ১৮ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
সোমবার (১৫ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১২ মার্চ) রাতে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন পূর্ব বন বিভাগের হারবাড়িয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়।গভীর রাতে ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয় কোস্টগার্ড সদস্যরা। এসময় ট্রলারটি চরাপুটিয়ার খাল পাড়ে থামিয়ে ট্রলারে থাকা চোরাকারবারীরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীকালে ট্রলারটিতে তল্লাশি করে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশি শাড়ি, ১ হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ পিস থ্রি-পিস এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়। জব্দকৃত বিদেশি কাপড় ও জুতার আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দ মালামাল ও ট্রলারটি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এসব মালামালের আনুমানিক দাম ১৮ কোটি ৬০ লক্ষ ৮৪ হাজার ২৫০ টাকা।
খুলনাসহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ বিদেশি কাপড়ের চোরাচালানি রোধ কল্পে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকা সমূহে কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক টহল জোরদার করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ,জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা,ডাকাতি দমন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশী মালামাল প্রবেশ রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
