২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক ।।
দেশব্যাপী মহামারি করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৮ এপ্রিল (বুধবার) মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ বা লকডাউন বহাল থাকবে।
এতে বলা হয়, আন্তজাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পযর্ন্ত বাড়ানো হলো।
এর আগে সোমবার (১৯ এপ্রিল) লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। সাইন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে ‘লকডাউন’ কন্টিনিউ (অব্যাহত) করবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দিন থেকে দেশে জরুরি সেবা, ব্যাংক ও গার্মেন্টস কারখানা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে সকল গণপরিবহনও।
এর আগে, করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
