পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলায় সাবেক এমপি আউয়াল ৪ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক ।।

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবা সাহিনুদ্দিনকে(৩৪) প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত রিমান্ডের আদেশ দেন।এর আগে আউয়ালের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ভৈরবের একটি মাজার থেকে এম এ আউয়ালকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এদিকে শুক্রবার সকালে হত্যা মামলার আরেক আসামি মো. মানিক র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান।

গত রবিবার (১৬ মে) রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিকেল সাড়ে ৪টায় পল্লবীর ১২ নম্বর ডি ব্লক ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম শাহিন উদ্দিন (৩৪)। তিনি পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা। ওইদিন রাতেই নিহতের মা আকলিমা বেগম পল্লবী থানায় আউয়ালসহ ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।