সঙ্গীত শিল্পী ফকির আলমগীর আর নেই

অনলাইন ডেস্ক ।।

সঙ্গীত শিল্পী ফকির আলমগীর আর নেই। করোনার কাছে হেরে গেলেন এই শিল্পী।

ফকির আলমগীর শুক্রবার(২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এই বরেণ্য শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার(২৪ জুলাই) সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গনে ফকির আলমগীরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে। এরপর খিলগাঁও তালতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনটিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মো. হাচেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেসা। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, অসংখ্য ভক্ত-অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ইউনাইটেড হাসপাতালের গণমাধ্যম কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান, ১৮ জুলাই থেকে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন ফকির আলমগীর। এর আগে করোনা পজিটিভ হওয়ায় ১৫ জুলাই রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাত ১০টার দিকে কভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৬ মিনিটে ইউনাইটেড হাসপাতালের কভিড আইসিইউ ইউনিটের ইনচার্জ ডাক্তার আমিনা সুলতানা শিল্পী ফকির আলমগীরের মৃত্যু ঘোষণা করেন। বাসস