নোয়াখালী র সুবর্ণচরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর, আহত ২

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ভাংচুরের ঘটনায় ২ জন আহত হয়েছে।
স্হানীয় সুত্রে জানাযায়, প্রথম ধাপে অনুষ্ঠেয় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচরের ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. মনির আহমেদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় চশমা প্রতীকের দুজন কর্মী আহত হন। বুধবার রাত নয়টার দিকে চরওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজারে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী মনির আহমেদে জানান, `এলাকার সাধারণ জনগণ সব সময় আমার সঙ্গে ছিল এবং থাকবে। তাদের ভয় দেখাতেই আমার অফিসে তাঁরা হামলা ও ভাঙচুর চালিয়েছে।’ হামলার ঘটনায় তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের লোকদের দায়ী করেন। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ বিচার দাবি করেন।
মনির আহমেদের ছোট ভাই আবুল কাশেম বলেন, `চশমা প্রতীকের নির্বাচনী অফিসে নৌকা প্রতীকের ৫০ থেকে ৬০ জন সমর্থক অতর্কিত হামলা চালায়। প্রথমে এসে চেয়ার টেবিল, সাউন্ড সিস্টেম ভাঙচুর করে।’
নৌকা প্রতীকের সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান ভূঁইয়া অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে আমাদের লোকজনের ওপর দায় চাপাচ্ছে। এর আগে গতকাল সন্ধ্যার সময় আমার প্রচার গাড়িতে হামলা করে মাইক ভাঙচুর করেছে তাঁরা। নিজেদের দোষ ঢাকতে চশমা প্রতীকের প্রার্থীরা অপপ্রচার চালাচ্ছে।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
