সান্তাহারে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

আহসান হাবিব শিমুল, আদমদীঘি প্রতিনিধি:
আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে।
সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি সাকিউল আযম বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন বুধবার রাত সাড়ে ১১টায় সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে। এর পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে তিনি প্লাটফর্মে অবস্থান গ্রহন করেন। এর পর ট্রেনটিতে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে ছ নং বগির ১৪ এবং ১৫ নম্বর সিটের উপর বাঙ্কার থেকে দুই ট্রাভেল ব্যাগ থেকে মালিক বিহীন অবস্থায় ওই পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি বলেন, পুলিশের উপস্থিত টের পেয়ে ওই ফেন্সিডিলগুলোর মালিক ব্যাগ ফেলে রেখে সটকে পড়ে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সান্তাহার রেলওয়ে থানায় মালখানায় জমা রয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।
