মহানবী(সঃ)কে কটুক্তির প্রতিবাদে দুমকিতে জমিয়তে হিজবুল্লাহ’র প্রতিবাদ বিক্ষোভ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা জমিয়তে হিজবুল্লাহ।
ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লী শাখার মিডিয়া সেল প্রধান নবীন কুমার সিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাযিঃ)-কে কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে জমিয়তে হিজবুল্লাহ’র ব্যানারে রবিবার (১৩জুন) সকালে বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নূতনবাজার খান মার্কেট চত্বরে দুমকি-বাউফল সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
জমিয়তে হিজবুল্লাহ দুমকি উপজেলা শাখার সভাপতি মাও: আবদুল মজিদ ছাহেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি মাও. আবদুল বারী, সাধারণ সম্পাদক মাও. মো. হাবিবুর রহমান, পবিপ্রবি’র সহকারি রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন বাদল, উপজেলা উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, উপজেলা ছাত্র হিজবুল্লাহ সভাপতি মাও. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. মো. এনায়েতুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মাও. মো. ওয়ালিউর রহমান প্রমূখ ।
সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাযিঃ)-কে নিয়ে কটুক্তি করা ও অবমাননাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহবান জানান।
