চাটখিল উপজেলা যুবদলের সদস্য সচিব শামীমকে বহিষ্কার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীমকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার ৯ আগস্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের সই করা চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এরইমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
নোয়াখালী জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ওমর ফারুক টপি চিঠির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বহিষ্কারাদেশ পাওয়া চাটখিল উপজেলা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম দলের জন্য নিবেদিত প্রাণ। বর্তমান সময়ে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সে অনেক ভালো ভূমিকা রাখছেন। কিন্তু কী কারণে তাকে বহিষ্কার করা হলো তা বুঝতেছি না। বিষয়টি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বহিষ্কারাদেশ পাওয়া বেলায়েত হোসন শামীম বলেন, বহিষ্কারের বিষয়টি শুনেছেন তিনি। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা জানেন না। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে শোকজ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কারের কথা বলা হচ্ছে বলে দাবি শামীমের।